ভালোবাসার চাদর লেখকঃড. আবু আমীনাহ বিলাল ফিলিপস এবং মুস্তাফা আল





কর্মজীবনে নিজেকে উপযুক্ত করার জন্য মানুষ কত লেখা-পড়া করে, দেশ-বিদেশে কত কোর্স আর প্রশিক্ষণ গ্রহণ করে; কিন্তু সে তুলনায় দাম্পত্য জীবনকে মূল্যায়ন করে না বললেই চলে। অথচ কর্মজীবনের চেয়ে দাম্পত্য জীবন মানুষের সামগ্রিক জীবনে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি চান কিংবা না চান এটা আপনার প্রতিটি সকাল, সন্ধ্যা, রাতকে প্রভাবিত করবে; প্রত্যক্ষ ভূমিকা রাখবে আপনার জীবনে সফলতা-ব্যর্থতার গতিপথ নির্ধারণে। আর এই দাম্পত্য জীবনের শুরুর আগ থেকে চলমান থাকা এবং এর শেষ অব্দি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন এই "ভালোবাসার চাদর" বইটি।

বই - ভালোবাসার চাদর
লেখক - ড. আবু আমীনাহ বিলাল ফিলিপস এবং মুস্তাফা আল-জিবালী
অনুবাদক - আবদ আল-আহাদ
প্রকাশনী - সিয়ান পাবলিকেশন লিমিটেড
পৃষ্ঠা সংখ্যা - ১৯২
প্রচ্ছদ মূল্য - ২৮৮৳
প্রাপ্তিস্থান - wafilife.com

বইয়ের প্রচ্ছদের সৌন্দর্য, পৃষ্ঠা-প্রিন্টের মান - এসব দিক থেকে 'সিয়ান পাবলিকেশন' বরাবরই অতুলনীয়। কিন্তু এই বইয়ের প্রচ্ছদটা আমার একটু বেশিই প্রিয়।

বইয়ের শুরু হয়েছে চৌধুরী সাহেব ছদ্মনামে এক বাস্তব দুনিয়ার রক্তমাংসে গড়া অন্ধকার জগতের বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ এক ব্যক্তির জীবণের এক রাতের ঘটনা দিয়ে, যে রাতের জন্য তিনি হোটেলে একজন শয্যাসঙ্গিনীসহ রুম বুকিং দেন। এই ঘটনা এবং চৌধুরী সাহেবের জীবনের একই ধরনের আরও একাধিক ঘটনার আলোকে দেখা যায় পতিতাবৃত্তি ব্যবসায় মূল প্রতিদ্বন্দ্বী হলো সুখী পরিবার-ব্যবস্থা ও সুখী দাম্পত্য-জীবণ, কারণ এদেরকে খদ্দের বানানো যায় না সহজে। তাই পতিতাদেরকে অনুগত ও মনোহরা স্ত্রীসুলভ আচরণের শিক্ষা দেয়া হয় নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে, যেন স্ত্রীদের বিপরীতে একজন পুরুষ এদের কাছে এসেই অধিক প্রশান্তি লাভ করে।

আজকের দুনিয়ায় অমুসলিম এবং নামকাওয়াস্তে মুসলিম দম্পতিদের জন্য পরিবারকে ধরে রাখা হয়ে দাঁড়িয়েছে এক বড় রকম চ্যালেঞ্জ। মানুষ যে সমাজে বাস করে তার প্রভাব থেকে সে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে কখনোই পারে না, তাই নির্দেশনা প্রয়োজন প্র‍্যাক্টিসিং মুসলিমদের জন্যও। তাদের জন্যই এই বইটি।

পাত্র-পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতা, দাম্পত্য জীবনের সমস্যাবলি, স্বামী-স্ত্রীর একে-অপরের প্রতি দায়িত্ব-কর্তব্য এবং তালাকের বিধান পর্যন্ত প্রতিটি স্তর আলোচনা করা হয়েছে এই বইটিতে। এখানে কোনো অতিরঞ্জন বা অতিকথন নেই, আছে প্রত্যেকটি ক্ষেত্রে কুরআন-হাদীসের রেফারেন্স।

কল্যাণময় বন্ধন, স্বামী-স্ত্রী নির্বাচন পর্ব, বিয়ের প্রস্তাব, আকদ অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, একসাথে পথচলা, বাসর রাত, দৈহিক মিলন, স্ত্রী যখন একাধিক, ওয়ালীমা বা বৌভাত, নিষিদ্ধ বিয়ে, স্ত্রীর অর্থনৈতিক নিরাপত্তা, স্ত্রীর অধিকার স্বামীর কর্তব্য, স্বামীর অধিকার স্ত্রীর কর্তব্য, শেষ কথা - এভাবে করা হয়েছে বইটির অধ্যায় বিন্যাস। যার প্রতিটিতে আমাদের সমাজের প্রচলিত কুপ্রথাগুলো চিহ্নিত করার পাশাপাশি ইসলামিক চর্চা কি হওয়া উচিত, তা তুলে ধরা হয়েছে।

বিয়ের মধ্য দিয়ে দুজন মানুষের একটি নতুন জীবনের সূচনা হয়।অতএব এই জীবনে পদার্পণটা যেন সর্বোত্তম পন্থায় হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তাই এই জীবনে যারা যাত্রা শুরু করেননি তাদের যেমন এ বিষয়ে জ্ঞান প্রয়োজন, যারা পথ চলতে চলতে ক্লান্ত; কিংবা যারা ক্লান্ত হতে চান না, তাদের সকলের জন্যই 'ভালোবাসার চাদর'। নিজেকে জড়িয়ে রাখুন, সঙ্গীকেও!♥

Post a Comment

Previous Post Next Post